প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘হ্যাঁ’ ভোটে জয় না হলে সরকার গঠনের অর্থ নেই: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী না হলে সরকার গঠন করেও দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে যশোরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

 

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে যশোরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে এবং বেকার তরুণদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষায়, “আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে তরুণরা বেকার থাকবে না, মর্যাদার সঙ্গে কাজ করার সুযোগ পাবে।”

 

ডা. শফিকুর রহমান আরও বলেন, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে পরিবর্তনের পথ তৈরি করেছে, তারা এখন ঘুমিয়ে নেই। নতুন প্রজন্ম পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত নয়, বরং বাস্তব সংস্কার ও ন্যায়ভিত্তিক ব্যবস্থার প্রত্যাশা করছে।

 

তিনি দাবি করেন, জনগণের এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে জামায়াতে ইসলামী একটি নতুন ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা