প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াত প্রার্থীর গণসংযোগে যোগ দিলেন দুই বিদেশি: দিলেন স্লোগানও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় ব্যতিক্রমী এক ঘটনার সাক্ষী হয়েছেন স্থানীয়রা। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ঢাকা–৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনায়াত উল্লার গণসংযোগ চলাকালে হঠাৎ করে তার প্রচার স্লোগানে অংশ নেন দুই বিদেশি নাগরিক।

 

বিকেল চারটার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে জামায়াতের নেতা-কর্মীরা দলীয় প্রতীক দাঁড়িপাল্লা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। ঠিক সেই সময় মিছিলের পাশে থাকা এক নারী ও এক পুরুষ বিদেশি কিছুক্ষণ স্লোগানে কণ্ঠ মেলান, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

 

২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে এদিন মিটফোর্ড এলাকার বিভিন্ন সড়ক ও ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন মো. এনায়াত উল্লা। গণসংযোগ শুরুর আগে তিনি সাংবাদিকদের বলেন, প্রচারণায় সাধারণ মানুষের সাড়া ইতিবাচক এবং ভোটাররা পরিবর্তনের পক্ষে অবস্থান নিচ্ছেন।

 

এলাকাটি বাণিজ্যিক হওয়ায় প্রার্থী বিশেষভাবে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমর্থন প্রত্যাশা করেন। এ সময় প্রচারণায় স্লোগান চলতেই থাকে। হঠাৎ বিদেশি দুই নাগরিক এগিয়ে এসে স্লোগানে যুক্ত হলে প্রার্থী নিজেও তাদের কাছে গিয়ে কিছু সময় একসঙ্গে স্লোগান দেন।

 

ঘটনাটি দেখতে আশপাশে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে ওই পুরুষ বিদেশি জানান, তারা যুক্তরাজ্যের নাগরিক এবং বাংলাদেশে ভ্রমণে এসেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা