ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে দেখা গেছে ব্যাপক উদ্দীপনা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় ময়মনসিংহ নগরের সার্কিট হাউস ময়দানে আয়োজিত জনসভায় তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এর আগেই সোমবার সন্ধ্যা থেকে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে শুরু করেন।
দলীয় সূত্রে জানা গেছে, এ জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের একসঙ্গে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। একই সঙ্গে তিনি দলীয় প্রতীক ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করবেন।
নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সুযোগ পাওয়ার আশায় দলীয় নেতাকর্মীরা এই জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। নগরীর বিভিন্ন এলাকায় তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজসাজ রব দেখা যাচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে উৎসাহ ও অংশগ্রহণ লক্ষণীয়।
বিএনপির বিভাগীয় নেতাদের প্রত্যাশা, জনসভায় ময়মনসিংহকে একটি পূর্ণাঙ্গ ও উন্নত বিভাগে রূপান্তরের রূপরেখা তুলে ধরবেন দলের চেয়ারম্যান। সম্ভাব্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, ব্রহ্মপুত্র নদের ওপারে আধুনিক চরাঞ্চল শহর গড়ে তোলা, যানজট নিরসনে রেললাইন স্থানান্তর ও ফ্লাইওভার নির্মাণ, আধুনিক বিমানবন্দর স্থাপন এবং মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর।
এ ছাড়া একটি আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, চরাঞ্চলের কৃষিপণ্যের সংরক্ষণে কোল্ড স্টোরেজ স্থাপন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ উদ্যোগের ঘোষণাও আসতে পারে বলে আশা করছেন নেতারা।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তার আগমন ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।