প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় নামতে সব ব্যাংককে নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬

আসন্ন গণভোটে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর সংস্কার প্রস্তাবগুলোর পক্ষে জনমত গঠন ও সচেতনতা বাড়াতে দেশের সব বাণিজ্যিক ব্যাংককে প্রচারণামূলক কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনার অংশ হিসেবে প্রতিটি ব্যাংক শাখা ও উপশাখার সামনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যানার টানানো বাধ্যতামূলক করা হয়েছে।

 

সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণভোটে উত্থাপিত সংবিধান সংস্কার প্রস্তাব সম্পর্কে জনগণকে অবহিত করতে ব্যাংকের প্রতিটি শাখা ও উপশাখার দৃশ্যমান স্থানে দুটি করে খাড়া ব্যানার প্রদর্শন করতে হবে।

 

বাংলাদেশ ব্যাংক জানায়, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গত ৫ জানুয়ারি দেওয়া নির্দেশনার আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা তৈরির আহ্বান জানান।

 

ওই বৈঠকের পর কিছু ব্যাংক নিজ উদ্যোগে প্রচারণা শুরু করলেও, লিখিত নির্দেশনা না থাকায় কয়েকটি ব্যাংক কার্যক্রমে গড়িমসি করে। পরে তাদের দাবির পরিপ্রেক্ষিতেই সোমবার আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হয়।

 

ইতোমধ্যে রাজধানীর সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংকের বিভিন্ন শাখায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যানার টানানো দেখা গেছে। এসব ব্যানারে গণভোট ও সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগরিকদের মতামত প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

 

প্রজ্ঞাপনে গণভোটে জনসচেতনতা তৈরির জন্য মোট ১২টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—সংবিধান সংশোধনে গণভোট বাধ্যতামূলক করা, সরকারি দলের একক ক্ষমতা সীমিত করা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণ, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, উচ্চকক্ষ গঠন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, মৌলিক অধিকার সম্প্রসারণ এবং ইন্টারনেট বন্ধ না করার সাংবিধানিক নিশ্চয়তা।

 

এছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা এবং দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ইচ্ছামতো ক্ষমা না দেওয়ার বিধানও প্রস্তাবগুলোর অন্তর্ভুক্ত। প্রজ্ঞাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যানারের নমুনা ও ছবি সংযুক্ত করে দেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা