প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬

পটুয়াখালীর বাউফল উপজেলায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা জালাল হাওলাদার। দুধ দিয়ে গোসল করে প্রতীকীভাবে নিজেকে ‘শুদ্ধ’ ঘোষণা করেন তিনি। সোমবার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বগা ইউনিয়নের বগা প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিন শতাধিক নেতাকর্মী ও সমর্থকসহ আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন জালাল হাওলাদার।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১০ দলীয় জোট সমর্থিত জামায়াত মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। তার উপস্থিতিতেই দুধ দিয়ে গোসলের মাধ্যমে অতীত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে আসার প্রতীকী ঘোষণা দেন জালাল হাওলাদার।

 

জানা গেছে, জালাল হাওলাদার বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তার সঙ্গে জামায়াতে যোগ দেন বগা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য আবুল কালাম, উপজেলা যুবদলের সাবেক সদস্য এস. এম. আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম এবং ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক শরীফসহ আরও অনেকে।

 

দল পরিবর্তনের ব্যাখ্যায় জালাল হাওলাদার বলেন, ছোটবেলা থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে চলতি নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী ত্যাগী কর্মীদের উপেক্ষা করে ভিন্ন দলের লোকজনকে গুরুত্ব দিচ্ছেন, যা তাকে হতাশ করেছে। এই অবমূল্যায়নের কারণেই তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান।

 

নতুনদের স্বাগত জানিয়ে জামায়াত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জুলাই বিপ্লবের পর ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করছে। সংস্কার ও বিচারপ্রক্রিয়ায় দলের অবস্থানের কারণে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা জামায়াতে যোগ দিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি সবাইকে নিয়ে একটি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ বাউফল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তসলিম তালুকদার জানান, কেউ দলীয় শৃঙ্খলা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা