প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ক্ষমতার লোভে ইসলামের নাম ব্যবহার করে বাক্স দখল করা হয়েছে: চরমোনাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ক্ষমতার মোহে ইসলামের নাম ব্যবহার করে নির্বাচনী বাক্স দখল করে নিয়েছে। তিনি অভিযোগ করেন, এ ধরনের রাজনীতি ইসলামের মূল আদর্শকে ক্ষতিগ্রস্ত করছে।

 

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-৪ আসনের রৌমারী উপজেলার সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

 

পীর সাহেব চরমোনাই বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন হলেও দীর্ঘ ৫৪ বছরেও সেই লক্ষ্য বাস্তবায়ন হয়নি। বরং এই সময়ে বাংলাদেশ একাধিকবার বৈশ্বিক দুর্নীতির তালিকায় শীর্ষে অবস্থান করেছে। তিনি দাবি করেন, বিগত শাসনামলে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে, দেশের অর্থ বিদেশে পাচার হয়ে ‘বেগমপাড়া’র মতো অনৈতিক কাঠামো গড়ে উঠেছে এবং বিদেশি শক্তির প্রতি নির্ভরশীলতা বেড়েছে।

 

তিনি আরও বলেন, ২০২৫ সালের ৫ আগস্ট নতুন করে দেশ গঠনের একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। সে সময় ইসলামের পক্ষে স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় ও প্রতীক দেওয়ার দাবি জানানো হলেও, অনুকূল পরিবেশ তৈরি হওয়ার পর একটি গোষ্ঠী সেই সুযোগ কাজে লাগিয়ে আবার পুরোনো রাজনৈতিক ব্যবস্থার দিকে ফিরে গেছে। প্রশ্ন তুলে তিনি বলেন, প্রচলিত ব্যবস্থায় যদি দেশ এগোত, তাহলে এত বছরে তার ফল কেন পাওয়া যায়নি?

 

ইনসাফ বা ন্যায়বিচার প্রসঙ্গে তিনি বলেন, শুধু মুখে ন্যায়বিচারের কথা বললেই হবে না; কোন আদর্শ ও নীতির ভিত্তিতে তা বাস্তবায়ন হবে—সেটা জাতির সামনে স্পষ্ট হওয়া প্রয়োজন। ইসলামী আন্দোলন ইসলামের নীতি ও আদর্শ অনুসরণ করেই প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বলে তিনি জানান।

 

জনসভায় আরও বক্তব্য দেন কুড়িগ্রাম-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান হাফিজ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা