প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে চলাচলকারী ‘ঢাকা মেইল-২’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে জংশন এলাকা অতিক্রম করার কিছুক্ষণ পর এই দুর্ঘটনা ঘটে।

 

রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন আটকে পড়ে। ফলে এই গুরুত্বপূর্ণ রুটের বিভিন্ন স্টেশনে অবস্থানরত যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।

 

রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে ‘ঢাকা মেইল-২’। রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনে পৌঁছানোর পর কেবিন মাস্টারের কাছ থেকে সামনে অগ্রসর হওয়ার সংকেত পায় ট্রেনটি। জংশন ছেড়ে প্রায় ১৫০ মিটার এগোনোর পর ইঞ্জিনের পরের চতুর্থ কোচটি হঠাৎ রেললাইন থেকে ছিটকে পড়ে।

 

রেলওয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সংকেত পাওয়ার পর ট্রেনটি ধীরে সামনে এগোচ্ছিল। এ সময় একটি বগি লাইনচ্যুত হওয়ায় পুরো জংশনের আপ ও ডাউন লাইন অচল হয়ে পড়ে।

 

দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইন সচল করতে মেরামত ও উদ্ধার কাজ শুরু হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা