প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ছয় সরকারি সংস্থা একীভূত করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬

দেশে ব্যবসা ও বিনিয়োগ ব্যবস্থাকে আরও কার্যকর ও সমন্বিত করতে ছয়টি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান একীভূত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

 

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

 

তিনি জানান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চতুর্থ গভর্নিং বোর্ড সভায় একীভূতকরণের বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সভায় প্রধান উপদেষ্টা ও গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

 

সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী বলেন, দেশে বর্তমানে একাধিক বিনিয়োগ উন্নয়ন সংস্থা কার্যক্রম পরিচালনা করছে, যা অনেক ক্ষেত্রে ওভারল্যাপ তৈরি করছে। এই বাস্তবতা বিবেচনায় আগের গভর্নিং বোর্ডে সংস্থাগুলো একীভূত করার প্রস্তাব উত্থাপন করা হয়। পরে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়, যেখানে বিভিন্ন উপদেষ্টার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অ্যাটর্নি জেনারেল অংশ নেন। তাদের সুপারিশের ভিত্তিতেই নীতিগতভাবে একীভূতকরণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

 

তিনি আরও জানান, এই একীভূতকরণ আপাতত একটি নীতিগত সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে এবং ভবিষ্যৎ সরকার এটি বাস্তবায়নের উদ্যোগ নেবে। একীভূত কাঠামো কীভাবে হবে, সে জন্য একটি স্বাধীন তৃতীয় পক্ষের কনসালট্যান্ট নিয়োগ করা হবে। এর মাধ্যমে নতুন সংস্থার কাঠামো নিরপেক্ষভাবে নির্ধারণ করা হবে, যাতে কোনো সংস্থার কর্মকর্তা-কর্মচারী বাড়তি সুবিধা বা বৈষম্যের শিকার না হন।

 

সবশেষে তিনি বলেন, সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো এসব ছয়টি সংস্থাকে একীভূত করে একটি একক বিনিয়োগ ও শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ গড়ে তোলা, যা ভবিষ্যতে বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ সেবা নিশ্চিত করবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা