ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করে।
প্রকাশিত ফল অনুযায়ী, বিজ্ঞান ইউনিটে সর্বোচ্চ ১২০ নম্বরের মধ্যে ১০৯ পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিম ফুয়াদ ফাতিন।
মেধাতালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন রাজধানীর নটর ডেম কলেজের দুই শিক্ষার্থী। এর মধ্যে মাহির আহমেদ ১০৭ দশমিক ৫ নম্বর পেয়ে দ্বিতীয় এবং নাবিদ হাসান ১০৬ দশমিক ৭৫ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২ হাজার ৯৩ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৭ হাজার ৬২১ জন। পাশের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৬ শতাংশ। এছাড়া বিভিন্ন কারণে ৪ হাজার ২৭৮ জন পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হয়েছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শাখা থেকে ৭ হাজার ২১২ জন, মানবিক শাখা থেকে ৩০০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১০৯ জন শিক্ষার্থী রয়েছেন।