প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ময়মনসিংহে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান, প্রস্তুত ৬৪×৪৪ ফুটের বিশাল মঞ্চ

ময়মনসিংহে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান, প্রস্তুত ৬৪×৪৪ ফুটের বিশাল মঞ্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬

ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির নির্বাচনী জনসভা। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্য সরাসরি সম্প্রচারের জন্য মঞ্চ এলাকায় বসানো হচ্ছে ৭০টি মাইক এবং চারটি বড় এলইডি স্ক্রিন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে জনসভাস্থলে মঞ্চ নির্মাণকাজ পরিদর্শন শেষে এসব তথ্য নিশ্চিত করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা মো. শরীফুল আলম।

তিনি জানান, জনসভাকে কেন্দ্র করে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের একটি আধুনিক মঞ্চ নির্মাণ করা হচ্ছে। মঞ্চের সামনের অংশে থাকবে ৩০ ফুটের একটি ‘রেড জোন’, যেখানে গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারবর্গ বসবেন। নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চ ঘিরে পাঁচ ফুট প্রশস্ত বেরিকেট স্থাপন করা হবে, যেখানে দায়িত্ব পালন করবেন স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এছাড়া, মঞ্চ থেকে প্রায় ৩৫ ফুট দূরে উভয় পাশে তিন হাজার চেয়ার বসানো হচ্ছে। এসব আসনে নারী নেত্রী, পেশাজীবী প্রতিনিধি, উপজেলা ও পৌর বিএনপির সভাপতি-সম্পাদকসহ জেলা ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা অবস্থান করবেন। পুরো জনসভাস্থলের নিরাপত্তা তদারকিতে সিএসএফ ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে ২০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে বলেও জানান তিনি।

সরেজমিনে দেখা গেছে, মঞ্চ নির্মাণে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। একই সঙ্গে চলছে বিদ্যুৎ সংযোগ, এলইডি স্ক্রিন স্থাপন ও বেরিকেট তৈরির কাজ।

মঞ্চ নির্মাণের দায়িত্বে থাকা ময়মনসিংহ নগরীর পরব ডেকোরেটরের স্বত্বাধিকারী শ্রী কমল কুমার কর জানান, প্রায় ৪০ জন শ্রমিক রোববার সন্ধ্যা থেকে কাজ শুরু করেছেন। মঞ্চের মূল কাঠামো প্রায় শেষ, এখন চলছে সাজসজ্জার কাজ। আশা করা হচ্ছে, রাতের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে।

এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ আসনের দলীয় মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতা জনসমক্ষে আসছেন—এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। জনসভাকে সফল করতে দলীয় নেতাকর্মীরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা