প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নাটোর-১ আসনে ধানের শীষের ব্যানার পোড়ানোর অভিযোগ, নির্বাচনী এলাকায় উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৫ জানুয়ারি) গভীর রাতে লালপুর উপজেলার লালপুর ইউনিয়নের বুধিরামপুর ও জোতদৈবকি এলাকায় এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, বুধিরামপুরে মকুলের দোকানের সামনে এবং জোতদৈবকি এলাকায় ওয়াদুদের বাড়ির পাশের একটি গাছে ঝুলানো ছিল ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী ব্যানার। রাতের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তিরা ওই দুটি ব্যানারে আগুন ধরিয়ে দেয়। সোমবার সকালে পোড়া ব্যানার দেখতে পেয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু বলেন, নাটোর-১ আসনে ধানের শীষের প্রতি সাধারণ মানুষের সমর্থন দেখে একটি পক্ষ আতঙ্কিত হয়ে পড়েছে। পরিকল্পিতভাবেই নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ধরনের নাশকতা চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা