আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের মানুষের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠী দেশের ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়া কেবল ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে। ধর্ম কখনো রাজনীতির হাতিয়ার হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো থেকে জনগণকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে প্রয়োজনীয় সংস্কার এনে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরশাসনের পুনরাবৃত্তি না ঘটে।
বিএনপির এই নেতা বলেন, সরকার গঠনের সুযোগ পেলে দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে।
পথসভায় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।