প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদী নির্বাচন কমিশনঃ ইসি মাছউদ

সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদী নির্বাচন কমিশন, 
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সার্বিক সহযোগিতার কারণে নির্বাচন কমিশন এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক চাপ আছে কি না—এমন প্রশ্নের জবাবে কমিশনার রহমানেল মাসুদ বলেন, নির্বাচন কমিশনের ওপর কোনো পক্ষ থেকেই চাপ সৃষ্টি করা হয়নি। সংবিধান অনুযায়ী কমিশনের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করা হচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) যুক্ত হওয়া নতুন ধারার বিষয়ে তিনি বলেন, ২০২৫ সালে আরপিওতে ৯১এফ নামের একটি নতুন ধারা সংযোজন করা হয়েছে। এই ধারার ফলে কেউ অযোগ্য হয়েও ভুল বা মিথ্যা তথ্য দিয়ে নির্বাচিত হলে পরবর্তীতেও তার প্রার্থিতা বাতিলের সুযোগ থাকবে। হলফনামা কিংবা নির্বাচনী ব্যয়ের হিসাবে অসত্য তথ্য প্রমাণিত হলে কমিশন কঠোর ব্যবস্থা নিতে পারবে।

বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি ভোটারদের আশ্বস্ত করেন। কমিশনার বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন—এমন পরিবেশ বজায় রয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি ইতিবাচক ও শান্তিপূর্ণ।

তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলো কমিশনকে সব দিক থেকেই সহযোগিতা করছে, যা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সহায়ক ভূমিকা রাখছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা