লক্ষ্মীপুর-২ (সদর আংশিক ও রায়পুর) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমীর রুহুল আমীন ভূঁইয়া বিএনপির বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। তিনি বলেন, মাঠের বাস্তব চিত্রে হতাশ হয়ে পড়েছে বিএনপি। ভোটের সমর্থন না থাকায় তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে।
রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে আহত নেতা-কর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
রুহুল আমীন ভূঁইয়া অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে বিএনপির কিছু কর্মী তাদের নারী ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে এবং ভোটকেন্দ্রে যেতে বাধা দিচ্ছে। তিনি জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
তিনি আরও বলেন, সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকার একটি বাড়িতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নারী কর্মীরা প্রচারণা চালালে বিএনপির কর্মীরা বাধা দেয় এবং অশালীন ভাষায় গালাগাল করে। পরিস্থিতি জানতে ঘটনাস্থলে ইউনিয়ন জামায়াতের আমীর গেলে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ইকবাল হোসেনের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। এতে ছয়জন নেতা-কর্মী আহত হন বলে তার দাবি।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন বলেন, এলাকায় কোনো মারধরের ঘটনা ঘটেনি। বিএনপির নেতা-কর্মীরা ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় জামায়াতের কয়েকজন নেতা এসে উত্তেজনা সৃষ্টি করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়, তবে কেউ আহত হয়নি বলে তিনি দাবি করেন।
জামায়াতের পক্ষ থেকে আহত হিসেবে যাদের নাম জানানো হয়েছে, তারা হলেন—বশিকপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাইনুদ্দিন, কর্মী আবু তৈয়ব, যুব বিভাগের ওয়ার্ড সেক্রেটারি মো. তারেক, জুয়েল হোসেন, রিয়াদ হোসেন ও রুবেল।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম জানান, ভোটের প্রচারণাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তের জন্য পোদ্দার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি।