বিশ্ববাজারে আবারও ইতিহাস গড়ল স্বর্ণ। প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার মার্কিন ডলার অতিক্রম করেছে। ২০২৫ সালে এই মূল্যবান ধাতুটির দাম ইতোমধ্যে ৬০ শতাংশেরও বেশি বেড়েছে, যা বাজারে এক ধরনের রেকর্ড হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে টানাপোড়েন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা স্বর্ণের দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বাণিজ্য নীতিও বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলেছে। সম্প্রতি কানাডা ও চীনের সম্ভাব্য বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কঠোর শুল্ক আরোপের হুমকি বাজারে অস্থিরতা বাড়িয়েছে।
অস্থির সময়গুলোতে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ দীর্ঘদিন ধরেই নিরাপদ বিনিয়োগ বা ‘সেফ হেভেন’ হিসেবে বিবেচিত। এরই ধারাবাহিকতায় গত বছর রূপার দাম প্রায় দেড় গুণ বেড়ে যায় এবং সম্প্রতি ইতিহাসে প্রথমবার রূপার দামও প্রতি আউন্স ১০০ ডলার স্পর্শ করে।
বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি, ডলারের দুর্বলতা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ মজুদের প্রবণতা এই ঊর্ধ্বগতিকে আরও জোরালো করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি বছর সুদের হার কমাতে পারে—এমন প্রত্যাশাও স্বর্ণের বাজারকে চাঙ্গা রেখেছে।
ইউক্রেন ও গাজায় চলমান সংঘাত, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঘিরে সাম্প্রতিক ঘটনা এবং বৈশ্বিক রাজনৈতিক টানাপোড়েন বিনিয়োগকারীদের আরও বেশি করে স্বর্ণমুখী করছে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যানুযায়ী, মানব ইতিহাসে এখন পর্যন্ত উত্তোলিত স্বর্ণের পরিমাণ প্রায় ২ লাখ ১৬ হাজার টন, যা দিয়ে বড়জোর তিন থেকে চারটি অলিম্পিক সুইমিং পুল ভরানো সম্ভব। যদিও আধুনিক খনি প্রযুক্তির ফলে ১৯৫০ সালের পর স্বর্ণ উত্তোলনের হার বেড়েছে, তবুও ভবিষ্যতে সরবরাহ সীমিত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এবিসি রিফাইনারির বাজার বিশ্লেষক নিকোলাস ফ্রাপেল বলেন, স্বর্ণের সবচেয়ে বড় শক্তি হলো—এটি কোনো প্রতিষ্ঠানের পারফরম্যান্স বা ঋণের ওপর নির্ভরশীল নয়। অনিশ্চিত বিশ্ব পরিস্থিতিতে ঝুঁকি কমাতে স্বর্ণ কার্যকর একটি মাধ্যম।
তবে তিনি সতর্ক করে বলেন, বর্তমান বাজার অনেকটাই সংবাদনির্ভর। ফলে যেকোনো ইতিবাচক বৈশ্বিক খবর স্বর্ণের দামে হঠাৎ পতনও ডেকে আনতে পারে।
শুধু বিনিয়োগ নয়, সামাজিক ও সাংস্কৃতিক কারণেও স্বর্ণের চাহিদা বাড়ছে। ভারত ও চীনের মতো দেশে উৎসব, বিয়ে এবং নববর্ষকে কেন্দ্র করে স্বর্ণ কেনাকে শুভ মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে, চীনা নববর্ষ সামনে থাকায় দেশটিতে স্বর্ণের চাহিদা আরও বাড়তে পারে।