জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিখোঁজ থাকার তিন দিন পর এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ডিসেম্বর) দুপুর প্রায় ১টার দিকে বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর আলতা এলাকার একটি আখক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি হলেন আপেল (২৭), পেশায় অটোরিকশা চালক।
পরিবারের সদস্যরা জানান, একই গ্রামের রিপন নামের এক ব্যক্তি গভীর রাতে, প্রায় ৩টার দিকে, দেওয়ানগঞ্জ রেলস্টেশনে যাওয়ার কথা বলে আপেলকে অটোরিকশাসহ ডেকে নিয়ে যায়। এরপর থেকে আপেলের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এ ঘটনায় পরিবার দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মনসুর আহমেদ জানান, সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি আখক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।