প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচনী উত্তাপে রাজশাহী-৬: চারঘাট-বাঘাজুড়ে প্রচারণার জোয়ার

রাজশাহী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসনে জমে উঠেছে ভোটের মাঠ। প্রতীক বরাদ্দের পর থেকেই শহর ও গ্রাম—সবখানেই ছড়িয়ে পড়েছে নির্বাচনী উৎসব ও ব্যস্ততা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে প্রচার, যা থামছে গভীর রাত পর্যন্ত।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন— বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাজমুল হক (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির ইকবাল হোসেন (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম সুরুজ (হাতপাখা)।

চারঘাট বাজার ও বাঘা মাজার এলাকার বিভিন্ন স্থানে দেখা গেছে, সড়কের দুই পাশে সারি সারি পোস্টারে ছেয়ে গেছে এলাকা। মাইকে প্রচারের শব্দে মুখর পরিবেশ। বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক দলবদ্ধভাবে মাঠে নেমে জোরালো গণসংযোগ চালাচ্ছেন। পাশাপাশি জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও নিজ নিজ সমর্থকদের নিয়ে প্রচারণা অব্যাহত রেখেছেন।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, নদীভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নই তাদের প্রধান প্রত্যাশা। তরুণ ভোটাররা বিশেষভাবে শিক্ষা আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব দিচ্ছেন।

বাঘা উপজেলার এক প্রবীণ ভোটার বলেন, “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি শান্তি ও উন্নয়নের পক্ষে কাজ করবেন এবং মানুষের পাশে থাকবেন।”

প্রশাসন সূত্র জানায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কয়েকটি ভোটকেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশ ও আনসারের পাশাপাশি বিজিবি সদস্যদের টহল জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে, বিএনপির আবু সাইদ চাঁদ ও জামায়াতের নাজমুল হকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠতে পারে। তবে শেষ পর্যন্ত বিজয় কার হাতে যাবে, তার উত্তর মিলবে ভোটের দিনই।

উল্লেখ্য, রাজশাহী-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৯৫৩ জন। এর মধ্যে চারঘাট উপজেলায় ১ লাখ ৮৭ হাজার ১৬৩ জন এবং বাঘা উপজেলায় ১ লাখ ৬৯ হাজার ৭৯০ জন ভোটার রয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা