প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনায় যত পরিকল্পনাই নেওয়া হোক না কেন, সেগুলো বাস্তবায়নের জন্য দুটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে—জননিরাপত্তা ও দুর্নীতি দমন। মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠাই হবে ভবিষ্যৎ বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।

 

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, অতীতে বিএনপি সরকার পরিচালনার সময় দলের কেউ অন্যায় করলে তাকেও ছাড় দেওয়া হয়নি। ভবিষ্যতেও ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

 

দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থাকবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার শাসনামলে দুর্নীতি দমনে কার্যকর ভূমিকা রেখেছিলেন। আগামী দিনে কেউ দুর্নীতিতে জড়িত হলে তার পরিচয় বা অবস্থান বিবেচনায় নেওয়া হবে না।

 

নির্বাচন প্রসঙ্গে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, বিএনপির ওপর আস্থা রাখুন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিন। তিনি ধর্মীয় অনুভূতির কথা উল্লেখ করে বলেন, ভোটের দিন ভোরে নামাজ আদায় করে শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। দীর্ঘ ১৫ বছর ধরে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

 

তারেক রহমান আরও বলেন, শুধু রাজনৈতিক সমালোচনায় মানুষের জীবনমান বদলায় না। বিএনপি যখনই ক্ষমতায় গেছে, তখনই জনগণের কল্যাণে কাজ করেছে। দ্রব্যমূল্যের চাপ কমাতে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান, যাতে তারা রাষ্ট্রীয় সুবিধা সহজে পেতে পারেন।

 

চট্টগ্রামের সমস্যা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, নগরীর জলাবদ্ধতার মূল কারণ খাল ও নালা দখল। এসব খাল পুনরুদ্ধার ও খননের মাধ্যমে এই সমস্যা সমাধান করা হবে। তিনি উপস্থিত জনতার কাছে খাল খনন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, চট্টগ্রামে প্রতিষ্ঠিত একাধিক ইপিজেডের মাধ্যমে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল বিএনপির শাসনামলে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনলে নতুন ইপিজেড স্থাপন করা হবে এবং চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানীতে রূপান্তর করা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা