জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগে জড়িত বলে দাবি করা ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রোববার (২৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে এই দাবি জানানো হয়। সংগঠনটি জানিয়েছে, রোববার রাত ৮টার মধ্যে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে অভিযুক্ত ডাকসু প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত সেপ্টেম্বরের বিতর্কিত ডাকসু নির্বাচনের পর থেকে কিছু ডাকসু প্রতিনিধি, প্রশাসনের একাংশ এবং কয়েকজন শিক্ষার্থীর সহযোগিতায় চাঁদাবাজি ও দোকান উচ্ছেদের একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। এসব অভিযোগ আড়াল করতে রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা অভিযোগ ছড়ানো ও সহিংস পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করে ছাত্রদল। সংগঠনটি ক্যাম্পাসের শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
স্মারকলিপিতে দুই দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—
১) ক্যাম্পাসে ক্ষুদ্র ব্যবসা ও দোকান পরিচালনার ক্ষেত্রে স্পষ্ট নীতিমালা প্রণয়ন ও তা যথাযথভাবে প্রচার করা।
২) চাঁদাবাজি, দোকান ভাঙচুর ও উচ্ছেদ সিন্ডিকেটের সঙ্গে জড়িত ডাকসু প্রতিনিধি কিংবা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ।
স্মারকলিপি প্রদান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিএনপির পক্ষে যে গণসমর্থন ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তা প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে পুরোনো ঘটনাকে সামনে এনে চাঁদাবাজির অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, এই অভিযোগের সত্যতা রয়েছে কি না, তা দ্রুত তদন্ত করে শিক্ষার্থীদের সামনে প্রকাশ করার জন্য প্রশাসনের কাছে লিখিত দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ছাত্রদলের কোনো নেতা বা কর্মী যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত প্রমাণিত হন, তাহলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে সংগঠন পিছপা হবে না।