প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রামে তারেক রহমানের সফর ঘিরে বিএনপির ঘাঁটি পুনর্গঠনের কৌশল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬

জাতীয় নির্বাচনের আগে চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফরের গুরুত্ব কেবল নির্বাচনী প্রচারণার মধ্যেই সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন মামলা, অভ্যন্তরীণ বিভাজন ও সাংগঠনিক দুর্বলতায় স্থবির হয়ে পড়া চট্টগ্রাম মহানগর ও জেলা বিএনপিকে নতুন করে চাঙ্গা করাই সফরের মূল লক্ষ্য।

চট্টগ্রাম বরাবরই বিএনপির রাজনৈতিক শক্তির অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। স্বাধীনতা-পরবর্তী সময় থেকে সামরিক শাসনবিরোধী আন্দোলন, স্বৈরাচার পতনের সংগ্রাম ও জাতীয় নির্বাচনে বড় জনসমাবেশ—সব ক্ষেত্রেই এই অঞ্চল দলটির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নগর ও জেলার একাধিক আসনে বিএনপির প্রভাব একসময় জাতীয় রাজনীতিতে দলটিকে বাড়তি শক্তি জুগিয়েছিল।

তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই শক্ত অবস্থান দুর্বল হয়ে পড়ে। শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা, দীর্ঘদিন প্রকাশ্য রাজনৈতিক তৎপরতার ঘাটতি এবং অভ্যন্তরীণ কোন্দলে সংগঠন কার্যত ঝিমিয়ে পড়ে। নেতৃত্ব নিয়ে টানাপোড়েন ও গ্রুপিংয়ের প্রভাব মাঠপর্যায়ের রাজনীতিতেও স্পষ্ট হয়ে ওঠে।

এই বাস্তবতায় তারেক রহমানের চট্টগ্রাম সফরকে বিএনপির ভেতরে নতুন বার্তার সূচনা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, সফরের প্রধান উদ্দেশ্য সরাসরি ভোট চাওয়া নয়; বরং সংগঠনের ভিত মজবুত করা, নেতাকর্মীদের উদ্দীপিত করা এবং ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া। বিশেষ করে চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে কেন্দ্রীয় নেতৃত্বের সরাসরি উপস্থিতিকে ভবিষ্যৎ রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের এই সফর মহানগর বিএনপির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন পর বড় পরিসরের কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

তিনি জানান, মহাসমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ঘাটতি থাকলে তা দ্রুত পূরণ করা হচ্ছে। মতপার্থক্য থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্মে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

চট্টগ্রাম নগর বিএনপির মুখপাত্র শওকত আজম খাজা বলেন, পলোগ্রাউন্ডে প্রায় ১০০ ফুট দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্ত মঞ্চ প্রস্তুত করা হয়েছে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সমাবেশ সফল করতে কাজ করছেন।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দ্বিপ্তী বলেন, প্রায় দুই দশক পর তারেক রহমানের চট্টগ্রামে আগমন আমাদের জন্য আবেগের বিষয়। তিনি দেশ ও জাতির সামনে ‘I have a plan, we have a plan’ তুলে ধরেছেন। চট্টগ্রামের মানুষ তার কাছ থেকে আগামীর রূপরেখা শুনতে আগ্রহী।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি, দেশনেত্রী খালেদা জিয়ার আত্মিক সম্পর্ক—সব মিলিয়ে চট্টগ্রাম বিএনপির শক্ত ঘাঁটি। এই সফর তরুণ নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করছে।

চট্টগ্রাম নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল বলেন, শুধু বিএনপির নেতাকর্মী নয়, পুরো চট্টগ্রামবাসী এই সফরকে ঘিরে উৎসবমুখর। দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও ভোটাধিকারের সংগ্রামের যে আকাঙ্ক্ষা, তা আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাস্তব রূপ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সফরের মূল বার্তা হলো—দলের সাংগঠনিক পুনর্গঠন, নেতাকর্মীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং চট্টগ্রামকে আবারও বিএনপির সক্রিয় রাজনৈতিক ঘাঁটিতে রূপ দেওয়া। দীর্ঘ ১৪ বছর পর পলোগ্রাউন্ডে দলের চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের বক্তব্য বিএনপির রাজনীতিতে নতুন গতি আনতে পারে বলেই মনে করছেন তারা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা