প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আসছেন বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী মহাসমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই জমে উঠতে শুরু করেছে জনসমাগম। রবিবার সকাল ৭টা থেকেই নগরীসহ আশপাশের জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন।

 

হাতভর্তি ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও ধানের শীষ প্রতীক নিয়ে আসা নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে উঠছে পুরো এলাকা। সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দিচ্ছেন।

 

পতেঙ্গা এলাকার বাসিন্দা ফাহমিদুল ইসলাম বলেন, “তারেক রহমানকে সরাসরি দেখার এবং তার বক্তব্য শোনার আগ্রহ থেকেই সকালে চলে এসেছি।”

 

দলীয় সূত্র জানায়, রবিবার সকালে চট্টগ্রামের একটি হোটেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তিনি পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত মহাসমাবেশে বক্তব্য রাখবেন।

 

চট্টগ্রাম সফর শেষে তারেক রহমান ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে বলেও জানিয়েছে বিএনপি সূত্র।

 

এদিকে মহাসমাবেশকে ঘিরে চট্টগ্রাম নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

 

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামছে। আমাদের প্রত্যাশা, এই সমাবেশে ১০ থেকে ১৫ লাখ মানুষের উপস্থিতি হবে। পুরো চট্টগ্রামজুড়েই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা