প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াত নেতৃত্বাধীন জোটে নাগরিক ঐক্য? মান্নাকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৬

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটে মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্য যুক্ত হতে পারে—এমন গুঞ্জন রাজনীতির অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে, বিএনপির জোট ছাড়ার পর নাগরিক ঐক্য নতুন করে জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোটে যোগ দেওয়ার বিষয়ে ভাবছে।

 

এই গুঞ্জন সত্যি হলে বর্তমানে ১০ দল নিয়ে গঠিত জামায়াত নেতৃত্বাধীন জোটটি ১২ দলীয় রূপ নিতে পারে। যদিও এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

 

অসমর্থিত সূত্রের দাবি, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জোটের একাধিক শীর্ষ নেতার যোগাযোগ চলছে। আগামী এক-দুই দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক বক্তব্য আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

মান্না বর্তমানে বগুড়া-২ ও ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। বগুড়া-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন অধ্যক্ষ শাহাদাতুজ্জামান এবং ঢাকা-১৮ আসনে জামায়াতের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আরিফুল ইসলাম আদীব প্রার্থী হয়েছেন। এই দুই আসনের যেকোনো একটিতে সমঝোতার ভিত্তিতে জোট গঠনের সম্ভাবনার কথাও রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় উঠে আসছে।

 

এর আগে গত বুধবার (২১ জানুয়ারি) নাগরিক ঐক্য আনুষ্ঠানিকভাবে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে সরে আসার ঘোষণা দেয়। একই সঙ্গে দলটি জানায়, তারা অন্তত ১১টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেবে।

 

দলীয় সূত্র জানায়, আসন সমঝোতা নিয়ে দীর্ঘ আলোচনা হলেও বিএনপি ছাড় না দেওয়ায় দীর্ঘদিনের রাজনৈতিক মিত্রতার ইতি টানার সিদ্ধান্ত নেয় নাগরিক ঐক্য। বিশেষ করে বগুড়া-২ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শাহ আলমকে মনোনয়ন দেওয়া এবং শেষ মুহূর্তে তা প্রত্যাহার না করায় এই বিভাজন আরও স্পষ্ট হয়।

 

বিষয়টি সমাধানে মান্না একাধিকবার বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো ফল না পাওয়ায় জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘একলা চলো’ নীতিতে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন তিনি। ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি আরও ১০টি আসনে নাগরিক ঐক্যের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা