রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে মাদুর পেতে সাধারণ মানুষের মাঝেই এক ব্যতিক্রমী পরিবেশে নিজেদের নির্বাচনী ‘থিম সং’ উন্মোচন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় শাহবাগের শহীদ হাদি চত্বরে এই আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া থিম সংটির উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, রাজপথ থেকেই এনসিপির পথচলা শুরু, তাই থিম সং প্রকাশের স্থানও বেছে নেওয়া হয়েছে রাজপথকে ঘিরে। তার ভাষায়, “আমরা চেয়েছি সেখান থেকেই থিম সংটি লঞ্চ করতে, যেখান থেকে আমাদের জন্ম। জাঁকজমকপূর্ণ হোটেলে আয়োজন করে তারকা এনে অনুষ্ঠান করার সুযোগ আমাদের ছিল না, তবে সেটাই আমাদের শক্তি।”
তিনি আরও বলেন, এই আয়োজন এমন জায়গায় করতে চাওয়া হয়নি, যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত। সমাজের নানা শ্রেণি-পেশা ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্ব করতেই এই উন্মুক্ত আয়োজন। গণভোটের থিম সং যেভাবে মানুষের সঙ্গে যুক্ত ছিল, এবারও একই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আসিফ মাহমুদ জানান, এই থিম সংের মাধ্যমে দলের রাজনৈতিক দর্শন, নির্বাচনী ভাবনা এবং প্রস্তাবিত লক্ষ্যগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। পাশাপাশি এনসিপির নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’কে ভোটারদের মধ্যে পরিচিত করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।