প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলো আইসিসি

বাংলাদেশ ক্রিকেট, আইসিসি, বিশ্বকাপ স্বদেশ বাংলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৬

গত ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশকে আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হলেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বিসিবি।

ফলে শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপের আসর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশের পরিবর্তে ‘সি’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। গ্রুপ পর্বে তারা ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে, যা অনুষ্ঠিত হবে কলকাতায়। পরে মুম্বাইয়ে নেপালের বিপক্ষে তাদের শেষ গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ক্রিকবাজ স্কটল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে দুবাই ও এডিনবার্গের মধ্যে আলোচনা হয়েছে।

এদিকে, শনিবার ইন্ডিয়া টুডে জানায়, আইসিসি আনুষ্ঠানিকভাবে বিসিবিকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের স্থলাভিষিক্ত হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ সংক্রান্ত ভবিষ্যৎ নির্ধারণ করেন বলে জানা গেছে।

এর আগে ভেন্যু পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে আবেদন করেছিল। তবে কমিটি সেই আবেদন নাকচ করে দেয় এবং আইসিসির পূর্বের সিদ্ধান্ত বহাল রাখে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা