প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সম্মিলিত অংশগ্রহণ ছাড়া গুণগত শিক্ষা সম্ভব নয়: আন্তর্জাতিক শিক্ষা দিবসে শিক্ষা সচিব

সম্মিলিত অংশগ্রহণ ছাড়া গুণগত শিক্ষা সম্ভব নয়: আন্তর্জাতিক শিক্ষা দিবসে শিক্ষা সচিবঃ স্বদেশ বাংলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৬

শিক্ষা কখনো একক কোনো পক্ষের উদ্যোগে সফল হতে পারে না—এটি গড়ে তুলতে প্রয়োজন সবার সক্রিয় অংশগ্রহণ। এমন মন্তব্য করেছেন শিক্ষা সচিব ও বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের (বিএনসিইউ) সেক্রেটারি জেনারেল রেহানা পারভীন।

শনিবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৬ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেহানা পারভীন বলেন, শিক্ষার মান সরাসরি শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে সম্পৃক্ত। আনন্দদায়ক, বাস্তবমুখী ও কার্যকর শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নীতিনির্ধারক ও সমাজের সব স্তরের মানুষের সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য।

তিনি আরও বলেন, ইতিহাসের দিকে তাকালে দেখা যায়—বিশ্বের বড় বড় সামাজিক পরিবর্তন ও কল্যাণমূলক আন্দোলনে তরুণরাই নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও তরুণ সমাজ শুধু সংখ্যায় নয়, অভিজ্ঞতা ও বৈচিত্র্যের দিক থেকেও অত্যন্ত শক্তিশালী। নানা সামাজিক ও পারিবারিক প্রতিকূলতা পেরিয়ে গড়ে ওঠা এই তরুণরাই যুগে যুগে দেশের মৌলিক পরিবর্তনের অগ্রদূত হয়েছে।

তরুণদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, টেকসই উন্নয়ন ও জাতীয় অগ্রগতির জন্য তরুণদের সক্রিয় ও দায়িত্বশীল অংশগ্রহণ অপরিহার্য। শিক্ষার্থীদের তিনি নেতৃত্বদানের মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।

আন্তর্জাতিক শিক্ষা দিবসের লক্ষ্য তুলে ধরে শিক্ষা সচিব বলেন, এই দিবসের মূল উদ্দেশ্য শান্তি ও টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়া, পাশাপাশি দারিদ্র্য ও বৈষম্য দূর করা। এসব লক্ষ্য অর্জনে তরুণদের শক্তিকে কাজে লাগানো ছাড়া বিকল্প নেই।

তিনি জোর দিয়ে বলেন, শিক্ষা কোনোভাবেই একতরফাভাবে আরোপিত ব্যবস্থা হওয়া উচিত নয়। বরং সরকার, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নীতিনির্ধারক, সুশীল সমাজ ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই একটি কার্যকর ও টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সারভীনা মনি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা উপদেষ্টা ও বিএনসিইউ চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ও হেড অব অফিস সুজান ভাইজ।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা