ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে দলটি বর্তমানে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চাইছে, তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর পক্ষ নিয়েছিল।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে এ দেশের মানুষ নিজেরাই অস্ত্র হাতে নিয়ে স্বাধীনতার জন্য লড়াই করেছে। কেউ বাইরে থেকে এসে আমাদের স্বাধীনতা এনে দেয়নি। আমরা দেশ ছেড়ে পালাইনি, বরং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশ নিয়েছি। অথচ যারা তখন স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ আবার ভিন্ন পরিচয়ে জনগণের কাছে ভোট চাইতে আসছে।
তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারাই বিচার করুন—কারা স্বাধীনতার পক্ষে ছিল আর কারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে নারীরা সংসারের নিত্যপ্রয়োজনীয় ব্যয়ে সরাসরি সুবিধা পাবেন এবং অর্থনৈতিকভাবে আরও সক্ষম হবেন।
তিনি আরও বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যাতে তারা বিভিন্ন সরকারি সহায়তা ও সুযোগ-সুবিধা সহজে পেতে পারেন। পাশাপাশি স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য চিকিৎসা সেবা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচিত হলে সংসদে জনগণের কণ্ঠস্বর তুলে ধরবেন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন।