প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পোস্টাল ব্যালট পাঠানোর সময় ফের পরিবর্তন হলো

ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ নিয়ে নতুন নির্দেশনা দিল ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠানোর সময়সীমা নতুন করে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একাধিকবার সময় পরিবর্তনের পর কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পৌঁছালে তা বৈধ হিসেবে গণ্য হবে। নির্ধারিত সময় অতিক্রম করলে ওই ব্যালট আর গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।

শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটাররা ব্যালট পাওয়ার পর দেরি না করে ভোট প্রদান করে নিকটবর্তী পোস্ট অফিস বা ডাক বাক্সে নির্ধারিত হলুদ খামে ব্যালট পাঠাবেন। কমিশন স্পষ্ট করে জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর এক মিনিটও দেরি হলে সেই ভোট বাতিল হিসেবে বিবেচিত হবে।

এর আগে ডাক বিভাগের সম্ভাব্য বিলম্ব ও আন্তর্জাতিক পরিবহনের জটিলতার কথা বিবেচনায় রেখে ২৫ জানুয়ারির মধ্যে ব্যালট পাঠানোর নির্দেশনা দিয়েছিল ইসি। তবে রাজনৈতিক দলগুলোর অনুরোধের প্রেক্ষিতে এবার ভোটের দিন পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় কমিশন।

ইসি আরও জানায়, যেসব প্রবাসী ভোটার ‘Postal Vote BD’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন, তারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ব্যালট সংগ্রহ ও ভোট প্রদান করবেন। ভোট দেওয়া শেষে ব্যালট অবশ্যই নির্দিষ্ট হলুদ খামে ভরে পাঠাতে হবে। সময়মতো ব্যালট না পৌঁছালে তার দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ভোটারের ওপর বর্তাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা