প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গ্রিনল্যান্ডে মার্কিন ‘গোল্ডেন ডোম’ বসাতে আপত্তি কানাডার

গ্রিনল্যান্ডে মার্কিন ‘গোল্ডেন ডোম’ বসাতে আপত্তি কানাডার swadesh bangla
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৬

ডেনমার্কের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের উদ্যোগের বিরোধিতা করছে কানাডা—এমন অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্যোগে সহযোগিতা না করে কানাডা বরং চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে মনোযোগ দিচ্ছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপন করা হলে সেটির সুরক্ষা সুবিধা কানাডাও পাবে। তবে কানাডা এ উদ্যোগে সমর্থন না দিয়ে চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর পথে হাঁটছে। ট্রাম্প সতর্ক করে বলেন, ভবিষ্যতে চীন কানাডাকে বাণিজ্যের আড়ালে প্রভাবের মধ্যে নিয়ে নিতে পারে।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কানাডা বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। বিভিন্ন সময় দেশটির নেতৃত্বের সমালোচনাও করেছেন তিনি।

সম্প্রতি চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে কানাডা। ওই চুক্তির আওতায় কিছু পণ্যের আমদানি ও রপ্তানিতে শুল্ক কমানো হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে বেইজিং সফরে গিয়ে এই সমঝোতায় পৌঁছান। এর পরপরই ট্রাম্প মন্তব্য করেন, চীনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা কানাডার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

যদিও যুক্তরাষ্ট্রই কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, এরপরেই রয়েছে চীন। অতীতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন থাকলেও সাম্প্রতিক সময়ে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপন করা হলে কানাডা স্বাভাবিকভাবেই এর নিরাপত্তা সুবিধা ভোগ করবে। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া কানাডা টিকে থাকতে পারত না।

ট্রাম্পের এসব মন্তব্যের জবাবে কানাডার প্রধানমন্ত্রী বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে বেঁচে নেই। নিজেদের সক্ষমতা ও জাতীয় শক্তির কারণেই দেশটি এগিয়ে যাচ্ছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা