প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬

ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার অবস্থানেই অনড় রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে রাজধানীর একটি হোটেলে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি জানান, সরকারের অবস্থান পরিষ্কার—বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না।

আসিফ নজরুল বলেন, আইসিসির কাছ থেকে বাংলাদেশ ন্যায্য আচরণ পায়নি। নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দিয়ে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের আবেদন বিবেচনার আহ্বান জানান তিনি। তার মতে, দেশের মানুষের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে কোনো সিদ্ধান্ত নেওয়া সমর্থনযোগ্য নয়।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এই উদ্বেগ কেবল আশঙ্কা নয়, বাস্তব ঘটনার ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে। বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি—সেই প্রেক্ষাপটে খেলোয়াড়, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ ক্রিকেট নিয়ে তারা গর্বিত হলেও আইসিসির সাম্প্রতিক ভূমিকা হতাশাজনক। প্রায় ২০ কোটি মানুষের দেশের দাবিকে উপেক্ষা করা বিশ্ব ক্রিকেটের জন্য ভালো বার্তা নয় বলে মন্তব্য করেন তিনি।

তবে আলোচনার পথ বন্ধ হয়নি জানিয়ে বুলবুল বলেন, আইসিসির সঙ্গে আবারও যোগাযোগ করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত—ভারতে নয়, শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ।

বাংলাদেশের এই অনড় অবস্থানের ফলে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে আইসিসির বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়, বাংলাদেশ ভারতে খেলতে না চাইলে বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে এবং সেক্ষেত্রে বিকল্প দল নেওয়ার সুযোগ রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা