চালের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের জন্য মূল্য সহায়তা নিশ্চিত করতে আজ থেকে দেশের ৪১৯টি উপজেলায় অতিরিক্ত ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে প্রতি কেজি চাল ৩০ টাকায় বিক্রি করা হচ্ছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ এই উদ্যোগের আওতায় প্রতিটি উপজেলায় প্রতিদিন ১ মেট্রিক টন করে চাল সরবরাহ করা হবে। সাধারণ ক্রেতারা নির্ধারিত কেন্দ্রে গিয়ে মাত্র ৩০ টাকা কেজি দরে চাল কিনতে পারবেন। এই অতিরিক্ত ওএমএস কার্যক্রম চলমান সাধারণ ওএমএস কর্মসূচির পাশাপাশি একযোগে পরিচালিত হবে। ফলে আগের মতোই বিদ্যমান কেন্দ্রগুলোতে চাল ও আটা বিক্রি অব্যাহত থাকবে।
খাদ্য মন্ত্রণালয় জানায়, বর্তমানে সারা দেশে সাধারণ ওএমএস কর্মসূচির আওতায় ১২টি সিটি করপোরেশন, ৫২টি জেলা সদর পৌরসভা এবং শ্রমঘন উপজেলা ও পৌরসভাসহ মোট ১০৮১টি কেন্দ্রে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিক্রি করা হচ্ছে। এসব কেন্দ্র থেকে প্রতিদিন ১৪১৭ দশমিক ৫ মেট্রিক টন আটা (খোলা আটা ২৪ টাকা কেজি এবং ২ কেজির প্যাকেট ৫৫ টাকা) ও ১১৭৫ মেট্রিক টন চাল (৩০ টাকা কেজি) বিতরণ করা হচ্ছে।
এদিকে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে বর্তমানে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক এবং মাঝারি ও মোটা চালের বাজারদর তুলনামূলক স্থিতিশীল রয়েছে। তবে কিছু এলাকায় সরু চালের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে, যা নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার করা হয়েছে। একই সঙ্গে মজুতদারি ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।