দেশের সুতা উৎপাদনকারী টেক্সটাইল মিলগুলো টিকিয়ে রাখতে কার্যকর সরকারি উদ্যোগ না থাকায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ানবাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান বাস্তবতায় মিল চালু রাখা সম্ভব হচ্ছে না। আগামী ১ ফেব্রুয়ারি থেকে কারখানাগুলো বন্ধ থাকবে। আমরা চরম বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নিয়েছি। ব্যাংক ঋণ পরিশোধ করার মতো আর্থিক সক্ষমতা এখন আমাদের নেই। পুঁজির বড় একটি অংশ ইতোমধ্যে ক্ষয় হয়ে গেছে। এমনকি সব সম্পদ বিক্রি করলেও ব্যাংকের দায় মেটানো সম্ভব হবে না।
তিনি আরও বলেন, সংকট নিরসনে বিভিন্ন সরকারি দপ্তর ও মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করা হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। এক দপ্তর থেকে আরেক দপ্তরে দায়িত্ব ঠেলে দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবসম্মত সিদ্ধান্ত আসছে না। নীতিগত সহায়তা ও শিল্পবান্ধব পদক্ষেপ গ্রহণ না করলে পুরো টেক্সটাইল খাত আরও বড় সংকটে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে বিটিএমএর অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।