প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মিরপুরে জনসভার মধ্যে দিয়ে শুরু হলো জামায়াতের নির্বাচনী প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬

রাত ১২টার পর থেকে সারাদেশে শুরু হওয়া আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মিরপুরে বিশাল জনসমাবেশের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করেছেন।

 

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই নির্বাচনী সমাবেশ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই দাড়িপাল্লা প্রতীকের ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

 

দলীয় সূত্র জানায়, সমাবেশে অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে মাঠে জড়ো হন। মাঠের ভেতরের সব চেয়ার পূর্ণ হয়ে গেলে অনেককে মাঠের বাইরে ও আশপাশের সড়কেও অবস্থান নিতে দেখা যায়।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল হান্নানের সন্তান সাঈফ খান বক্তব্য দেন, যা উপস্থিত জনতার মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

 

এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ২৩ জানুয়ারি উত্তরাঞ্চল সফরে বের হবেন জামায়াত আমির। বুধবার সন্ধ্যায় রাজধানীর জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

 

তিনি জানান, শুক্রবার জামায়াত আমির ঢাকা থেকে পঞ্চগড় গিয়ে সকাল ১১টায় জনসভা করবেন। এরপর দিনাজপুরে জনসভা শেষে ঠাকুরগাঁ হয়ে সন্ধ্যায় রংপুরে আরেকটি জনসভায় অংশ নেবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন।

 

এছাড়া আগামী রোববার ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ সংসদীয় আসনে পৃথক নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের।

 

রাত ১২টার পর থেকে শুরু হওয়া এই আনুষ্ঠানিক প্রচারণার মধ্য দিয়ে ঢাকা-১৫ আসনে নির্বাচনী উত্তাপ আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা