প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাতপাখা প্রতীকে প্রচারণা শুরু করলেন মুফতি ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬

বরিশাল সদর ও বাকেরগঞ্জ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নগরীর আগরপুর রোডে বরিশাল প্রেস ক্লাবের সামনে থেকে তার প্রচার কার্যক্রমের সূচনা হয়।

প্রচারণা শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি ফয়জুল করীম বলেন, ইসলাম শান্তির ধর্ম। একটি শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়তে হলে কোরআন-সুন্নাহভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি। এ লক্ষ্যেই তিনি দেশবাসীর প্রতি হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের আর অল্প সময় বাকি। বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত সবাইকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। আগামী ১২ তারিখ হাতপাখার বিজয়ের পরেই বিশ্রাম নেওয়া হবে, তার আগে নয়। ইনশাআল্লাহ আমরা প্রতিটি ঘরে ঘরে হাতপাখার দাওয়াত পৌঁছে দেবো।

সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রচারণা শুরু হয়। পরে তিনি সদর রোডসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতপাখা প্রতীকের লিফলেট বিতরণ করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা