রাজধানী ঢাকার সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) শিক্ষার্থীদের টেলিফোনে এই সুখবর জানান। খবরটি ঢাকা কলেজের সামনে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে পৌঁছার সঙ্গে সঙ্গে তারা উল্লাসে ফেটে পড়েন এবং ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে বিভিন্ন স্লোগান দেন।
২০১৭ সালে প্রস্তুতি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির পর থেকে এই সাত কলেজ নিয়ে দীর্ঘদিন সংকট চলছিল। সংশ্লিষ্ট সাতটি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং তিতুমীর কলেজ।
শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একটি স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছিলেন। সরকারের এই চূড়ান্ত সিদ্ধান্ত তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে।