প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপি প্রার্থীর মনোনয়ন অনিশ্চিত, বিজয়ের কাছে হাসনাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবৈধ ঘোষণার পর উচ্চ আদালতেও বহাল থাকায় এলাকায় নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন ধরে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আশা রাখা দেবিদ্বারের বিএনপি সমর্থকরা এই পরিস্থিতি মেনে নিতে পারছেন না। ধানের শীষের সম্ভাব্য প্রার্থী না থাকায় দেবিদ্বার আসনের নির্বাচনী উত্তাপ এখন অনেকটাই নিস্তেজ হয়ে গেছে।

এ আসনে জামায়াত–এনসিপি জোটের প্রার্থী ও দক্ষিণ অঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শক্ত প্রতিদ্বন্দ্বীর অভাবে প্রায় নিশ্চিতভাবে জয়ী হবার পথে রয়েছেন।

দেবিদ্বারের সাবেক চারবার নির্বাচিত এমপি মঞ্জুরুল আহসান মুন্সি এলাকার দীর্ঘদিনের প্রভাবশালী নেতা। তার নেতৃত্বে সড়ক যোগাযোগ, শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং অবকাঠামোগত উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। এসব কারণে বিএনপির শক্ত অবস্থান গড়ে উঠেছিল।

তবে ঋণখেলাপির অভিযোগে মনোনয়ন বাতিলের ফলে এই আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা কার্যত কমে গেছে। স্থানীয় নেতারা মনে করছেন, এটি শুধু একজন প্রার্থীর মনোনয়ন বাতিল নয়, বরং ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চনার সঙ্গে যুক্ত। এর ফলে এলাকায় হতাশা, ক্ষোভ এবং নীরব প্রতিবাদের আবহ বিরাজ করছে।

দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন বলেন, “আমাদের প্রার্থী সব শর্ত মেনে আচরণ করেও একটি পরিকল্পিত চক্রান্তে পড়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করেছি এবং শতভাগ বিশ্বাস করি, আপিলে আমাদের প্রার্থী ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অধিকার ফিরে পাবেন। নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে আমরা নিশ্চিত বিজয়ী হবো, ইনশাআল্লাহ।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা