বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা পরিবারের প্রধান নারীর হাতে দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। এতে নারীরা মানসিকভাবে আরও আত্মবিশ্বাসী ও ক্ষমতায়িত হবেন। তিনি বলেন, দেশের প্রায় চার কোটি পরিবারের মধ্যে যেসব পরিবার পিছিয়ে আছে, তাদের জন্য এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা নগদ সহায়তা অথবা চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটে তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে—নারীর হাতে সম্পদ থাকলে তারা তা সন্তানদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ছোট আয়ের উদ্যোগে বিনিয়োগ করেন। যেমন হাঁস-মুরগি পালন বা সেলাই মেশিনের মতো উদ্যোগ নারীদের আর্থিক স্বাবলম্বিতা বাড়াতে সহায়ক হবে। এর মাধ্যমে সমাজে নারীর অবস্থান ও আত্মমর্যাদা ধীরে ধীরে দৃঢ় হবে।
তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, দেশে শিক্ষিত ও অশিক্ষিত বেকারের সংখ্যা উল্লেখযোগ্য। প্রতিবছর প্রায় ১০ লাখ মানুষ বিদেশে গেলেও তাদের বড় অংশ অদক্ষ। বিএনপি ক্ষমতায় এলে ভোকেশনাল ও টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আধুনিকায়ন করা হবে। কেউ কৃষিতে পড়াশোনা করেও যদি ইলেকট্রনিক্স বা অন্য কোনো বিষয়ে আগ্রহী হয়, তবে তাকে সেই দক্ষতা এবং গন্তব্য দেশের ভাষা শেখানোর ব্যবস্থা করা হবে। ভবিষ্যতের বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় রেখে তরুণদের প্রস্তুত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
স্বাস্থ্যসেবা নিয়ে এক প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে দুই হাজার রোগী এলেও সেবাদানের সক্ষমতা প্রায় এক হাজার জনের। সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করা গেলে হাসপাতালের ওপর চাপ কমবে এবং মানুষ আরও মানসম্মত চিকিৎসা পাবে। এতে হাসপাতালের বারান্দায় শয্যা সংকটও কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, এটি সরাসরি জনস্বাস্থ্য ও মানসিকতার সঙ্গে সম্পর্কিত। প্রতিদিন ঢাকা শহরে বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হচ্ছে, যা জীবাণু ছড়ানোর বড় উৎস। দীর্ঘমেয়াদে এটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য হুমকি। তাই বর্জ্য কম উৎপাদন এবং আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে।
স্বাস্থ্যখাতে সংস্কারের বিষয়ে তিনি জানান, বেসিক মেডিকেল ও হাইজিন প্রশিক্ষণের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে সেবা প্রদানকারী তৈরি করা হবে। তারা সাধারণ রোগে ঘরে ঘরে সেবা দেবেন এবং জটিল ক্ষেত্রে রোগীকে যথাযথ স্থানে রেফার করবেন। ধাপে ধাপে একটি কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে দেশের ভবিষ্যৎ নির্মাণ, রাজনীতি ও নীতিনির্ধারণে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান।