প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রচারণার প্রথম দিনেই উত্তপ্ত রাজনীতি: চার দলকে ইসির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬

সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশজুড়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আনুষ্ঠানিক প্রচারণা। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই প্রার্থীরা পুরোদমে নির্বাচনী মাঠে নামছেন। তবে উৎসবের আমেজের পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগে শুরুতেই উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে।

নির্বাচনী লড়াই শুরুর আগেই আচরণবিধি ভঙ্গের অভিযোগে চারটি রাজনৈতিক দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা চালানোর অভিযোগে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ চার দলকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, বিএনপির পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর গত মঙ্গলবার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয় কমিশন। ইসির নির্দেশনায় বলা হয়, ২১ জানুয়ারির আগে যেকোনো ধরনের নির্বাচনী প্রচারণা আচরণবিধিমালার ১৮ নম্বর বিধির স্পষ্ট লঙ্ঘন। নির্ধারিত সময়ের আগে প্রচারণা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট দলগুলোকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, কিছু নির্বাচনী এলাকায় রিটার্নিং অফিসার, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিতর্কিত কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিও জানানো হয়।

মির্জা ফখরুল আরও অভিযোগ করেন, ইসির কিছু সিনিয়র কর্মকর্তাও পক্ষপাতমূলক ভূমিকা পালন করছেন বলে দলটির কাছে তথ্য রয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, জামায়াতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্রের তথ্য ও মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন।

এদিকে নির্বাচনের আগে পোস্টাল ব্যালট ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, পোস্টাল ব্যালটের ফরম এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে নির্দিষ্ট কয়েকটি দল সুবিধা পায়। প্রবাসীদের জন্য পাঠানো ব্যালট নিয়েও অনিয়মের আশঙ্কা প্রকাশ করেছেন তারা। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংশোধনী আনা হচ্ছে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। এরপর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা