প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা: মাদরাসা প্রাঙ্গণে জনসমুদ্র

সিলেট তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬

সিলেটকে সূচনাস্থল করে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে বিএনপি। দলটির প্রথম নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় ভরে উঠেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই সিলেট মহানগর, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ ও এর আশপাশের সড়কগুলোতে জনসমাগম চোখে পড়ার মতো বেড়ে যায়।

দুপুর ১২টার দিকে সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। পাশাপাশি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

সকাল থেকেই বাস, লেগুনা ও পিকআপে করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলিয়া মাদরাসা মাঠে প্রবেশ করছেন। তাদের হাতে ছিল দলীয় প্রতীক ধানের শীষসংবলিত প্ল্যাকার্ড। অনেক নেতাকর্মী বিএনপি, যুবদল ও ছাত্রদলের লোগোযুক্ত টি-শার্ট পরিধান করে সমাবেশে অংশ নেন।

নগরের জিন্দাবাজার, চৌহাট্টা পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা থেকে মিছিলগুলো সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলের দিকে অগ্রসর হতে দেখা যায়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্বাচনী সমাবেশে প্রায় তিন লাখ বা তারও বেশি মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। প্রায় দুই দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা