প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শুরু হলো নির্বাচনী প্রচারণা

সারা দেশে শুরু প্রতীক বরাদ্দ নির্বাচনে মাঠে ১ হাজার ৯৬৭ প্রার্থী swadesh bangla
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাত ১২টার পর থেকেই সারাদেশে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

 

রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভিন্ন বাস্তবতায়। ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগ সরকার। দলটির শীর্ষ নেতৃত্বের অধিকাংশ দেশত্যাগ করায় এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না।

 

ইতোমধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪২টি মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা আগে থেকেই মাঠে সক্রিয় থাকলেও আজ রাত ১২টার পর থেকে নিয়মতান্ত্রিক প্রচারণা শুরু হয়েছে। এরই মধ্যে নানা সংস্থা ও রাজনৈতিক সংগঠন ভোটের হাওয়া বুঝতে একাধিক জরিপ পরিচালনা করছে। এসব জরিপে দেখা যাচ্ছে, ভোটারদের বড় একটি অংশ এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরাবরের মতো এবারও নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবেন সুইং ভোটাররা। বিশেষ করে তরুণ ভোটারদের একটি বড় অংশ এখনো দোদুল্যমান অবস্থায় রয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরীর মতে, এবারের নির্বাচনে তরুণ ভোটাররাই হতে পারেন গেম চেঞ্জার।

 

নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অবৈধ ও লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশের প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

রাজনৈতিক অঙ্গনে প্রচারণাও গতি পাচ্ছে। সম্প্রতি নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনে কড়াইলবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলটি নির্বাচনে অংশ নিতে এবং জনগণের কাছে যেতে প্রস্তুত।

 

এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, একটি পক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারে—এ বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক ও নিরপেক্ষ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্য সামনে রেখে তাদের নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করছে। ফেব্রুয়ারির শুরুতে ইশতেহার প্রকাশের সম্ভাবনা রয়েছে, যেখানে যুবসমাজ, নারী, কৃষক, শ্রমিক ও প্রবাসীদের গুরুত্ব দেওয়া হবে।

 

অন্যদিকে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার ও প্রধান রাজনৈতিক দলগুলো ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালালেও জাতীয় পার্টি সংস্কারের বিপক্ষে অবস্থান নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি জানিয়েছেন, তারা ‘না’ ভোট দেবেন, তবে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

 

সব মিলিয়ে রাত ১২টার পর শুরু হওয়া এই নির্বাচনী প্রচারণা আগামী কয়েক দিনে ভোটের মাঠে কী ধরনের মোড় নেয়—সেদিকেই এখন নজর দেশের রাজনৈতিক মহলের।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা