ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর জেলার পাঁচটি আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ১২টার পর থেকেই জেলার বিভিন্ন এলাকায় গাছ, বিদ্যুৎ খুঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যানার-পোস্টার দেখা গেছে।
তবে প্রচারের শুরুতে বিএনপির কোনো ব্যানার বা পোস্টার এখনো চোখে পড়েনি। বিপরীতে জামায়াতে ইসলামীর পোস্টার ও প্রচার সামগ্রী বিভিন্ন এলাকায় দৃশ্যমান হওয়ায় শুরুতেই দলটির সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। এরপর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
এরই মধ্যে জামালপুর জেলার পাঁচটি আসনে মোট ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে চারজন প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন জামায়াতের মুহাম্মদ নাজমুল হক সাঈদী, বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুর রউফ তালুকদার এবং জাতীয় পার্টির এ কে এম ফজলুল হক।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন জামায়াতের ড. মো. ছামিউল হক ফারুকী, বিএনপির সুলতান মাহমুদ বাবু, ইসলামী আন্দোলনের সুলতান মাহমুদ সিরাজী এবং স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে সর্বাধিক নয়জন প্রার্থী মাঠে রয়েছেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন জামায়াতের মো. মজিবুর রহমান আজাদী, বিএনপির মো. মোস্তাফিজুর রহমান বাবুল এবং জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটনসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ছয়জন প্রার্থী প্রতীক পেয়েছেন। এখানে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, গণঅধিকার পরিষদ ও নাগরিক ঐক্যের প্রার্থীরা লড়াইয়ে আছেন।
জামালপুর-৫ (সদর) আসনে আটজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এ আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, জাতীয় পার্টি (জেপি), জেএসডি, বাংলাদেশ কংগ্রেস ও গণঅধিকার পরিষদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী মাঠ পুরোপুরি প্রস্তুত হলেও শুরুতে জামায়াতের প্রচার কার্যক্রম দৃশ্যমান হলেও বিএনপির প্রচারণা এখনো প্রকাশ্যে শুরু হয়নি। তবে সকালের মধ্যেই বিএনপির প্রচারণা শুরু হবে বলে অনেকে মন্তব্য করেছেন।