উচ্চ আদালতের আদেশে লক্ষ্মীপুরে এক শিশু কন্যার পিতৃপরিচয় নিশ্চিত করতে দাফনের প্রায় পাঁচ বছর পর কবর থেকে এক প্রবাসীর মরদেহ উত্তোলন করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের গঙ্গাপুর গ্রামে অবস্থিত পারিবারিক কবরস্থান থেকে আবদুল মান্নান নামে ওই প্রবাসীর মরদেহ উত্তোলন করা হয়।
মরদেহ উত্তোলন কার্যক্রমে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ নাহিদের নেতৃত্বে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার কমলা শীষ রায়সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নিহত আবদুল মান্নান সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের মৃত আবদুল কাদেরের ছেলে। তিনি পেশায় কুয়েত প্রবাসী ব্যবসায়ী ছিলেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাস জীবনকালে আবদুল মান্নান বিপুল সম্পদের মালিক হন। বিবাহের পূর্বে তিনি হার্নিয়া রোগে আক্রান্ত হয়ে অপারেশনের ফলে সন্তান জন্মদানে অক্ষম হয়ে পড়েন বলে স্বজনদের দাবি।
২০০৮ সালের ১ মে তিনি লাহারকান্দি ইউনিয়নের রুহুল আমিনের মেয়ে সাবিনা ইয়াছমিন সুইটিকে বিয়ে করেন। দীর্ঘ ১৩ বছর প্রবাসে দাম্পত্য জীবন কাটালেও তারা কোনো সন্তান লাভ করতে পারেননি। একাধিকবার চিকিৎসা গ্রহণ করেও ব্যর্থ হন এই দম্পতি।
পরবর্তীতে মৃত্যুর আগে প্রায় ৪–৫ বছর তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। খাদ্যনালির ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ দুই বছর ভারতের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফেরেন। এরপর ২০২১ সালের ১ জুন ঢাকার ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে আবদুল মান্নানের মৃত্যুর কয়েক সপ্তাহ আগে তার স্ত্রী সাবিনা ইয়াছমিন সুইটির গর্ভে একটি কন্যাসন্তান জন্ম নেয়। এতে পরিবারে বিরোধের সৃষ্টি হয়। স্বজনদের দাবি, মৃত্যুর আগে আবদুল মান্নান আত্মীয়স্বজন ও এলাকাবাসীকে জানিয়ে যান যে শিশুটি তার সন্তান নয়।
আবদুল মান্নানের মৃত্যুর পর তার স্ত্রী সুইটি কন্যাসন্তানকে স্বামীর ঔরসজাত দাবি করে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের বাড়িসহ সব সম্পত্তি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহতের মা কাজল রেখা এবং ভাই শওকত, রাজু ও বোন রুমা আক্তার বাদী হয়ে লক্ষ্মীপুরের যুগ্ম জেলা জজ ১ম আদালতে মামলা দায়ের করেন। মামলায় সাবিনা ইয়াছমিন সুইটি ও তার কন্যা আয়েশা মণিকে (নাবালিকা) বিবাদী করা হয়।
দীর্ঘ শুনানি ও প্রমাণ পর্যালোচনার পর আদালত বাদীদের পক্ষে রায় দেন। পরবর্তীতে ওই রায়ের বিরুদ্ধে সুইটি হাইকোর্টে আপিল করেন। আপিল শুনানি শেষে হাইকোর্ট কন্যা আয়েশা মণির পিতৃপরিচয় নির্ধারণে আবদুল মান্নানের মরদেহ উত্তোলনের নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ নাহিদ বলেন, “বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী কবর থেকে আবদুল মান্নানের মরদেহ উত্তোলন করে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা পরীক্ষার জন্য ঢাকার নির্দিষ্ট বিভাগে পাঠানো হবে।”