প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা থেকে কাল জামায়াতের নির্বাচনী প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬

আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর ঢাকা-১৫ আসনে গণসংযোগ ও জনসভার মাধ্যমে দলটির নির্বাচনী প্রচার শুরু হবে।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। ব্রিফিংয়ে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঢাকা-১৫ আসনে আয়োজিত জনসভায় দলের আমিরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। একই দিনে সারা দেশের বিভিন্ন আসনে জামায়াতের প্রার্থীরাও নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় নামবেন।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, আগামী ২৩ ও ২৪ জানুয়ারি জামায়াতের আমির উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় নির্বাচনী সফরে যাবেন। পঞ্চগড় থেকে শুরু হওয়া এই সফরে ২৩ জানুয়ারি দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে পথসভা ও গণসংযোগ কর্মসূচি থাকবে। সফরকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও বাজারে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

২৪ জানুয়ারি রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন জামায়াত আমির। পরে তিনি গাইবান্ধার পলাশবাড়ি, বগুড়া শহর ও শেরপুর, সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং সর্বশেষ পাবনায় আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। উত্তরবঙ্গের কর্মসূচি শেষে তিনি ঢাকায় ফিরবেন।

ঢাকায় ফিরে ২৫ জানুয়ারি তিনি ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন। পরবর্তী কর্মসূচি স্থানীয় সংগঠনের সঙ্গে আলোচনা করে দ্রুত জানানো হবে বলে ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকা কিছু প্রচারণা সামগ্রী অপসারণ করেছে। জামায়াতের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সিটি করপোরেশন কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে বলে তিনি জানান।

তিনি বলেন, সরকার প্রকাশ্যেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা