প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিলেটে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা। এর আগে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা দেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সিলেটজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। বিমানবন্দর এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

বিমানবন্দর থেকে তিনি সরাসরি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। এরপর হযরত শাহপরান (রহ.) মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে দক্ষিণ সুরমার সিলামে অবস্থিত শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন।

তার আগমন উপলক্ষে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজসজ্জার কাজ সম্পন্ন করা হয়। পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল এবং নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারেক রহমান মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়িতে অবস্থান করবেন।

দলীয় সূত্র জানায়, বিএনপির শীর্ষ নেতৃত্বের দায়িত্ব পাওয়ার পর এটি তারেক রহমানের প্রথম সিলেট সফর। প্রায় ২১ বছর আগে তিনি সর্বশেষ সিলেট সফরে এসেছিলেন, তখন তিনি দলের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে সকাল ১১টার দিকে নগরীর চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সিলেটের কর্মসূচি শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক দুটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। এসব সভায় সংশ্লিষ্ট জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা