সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পর্বের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলতি বছরের ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় (তিনটি পার্বত্য জেলা বাদে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ফলের ভিত্তিতে নির্ধারিত শর্তসাপেক্ষে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
কর্তৃপক্ষ জানায়, প্রকাশিত ফলাফলটি সম্পূর্ণ অস্থায়ী। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানেই চূড়ান্ত নিয়োগের নিশ্চয়তা নয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমন্বয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫ অনুসরণ করে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
এছাড়া ফলাফলের যেকোনো পর্যায়ে ভুল, ত্রুটি বা অসঙ্গতি ধরা পড়লে তা সংশোধন বা প্রয়োজনে ফলাফল বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। কোনো প্রার্থী ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান বা তথ্য গোপন করলে তার প্রার্থিতা বাতিল করা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পরবর্তীতে জানানো হবে। নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।