প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তিতুমীর কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বহিষ্কৃতরা হলেন— যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নাহিদ ও নেতা জলিল আদিক।

বুধবার সন্ধ্যায় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার দুপুরে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে তিতুমীর কলেজে ছাত্রদলের দুটি পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা পরে শহীদ মামুন ছাত্রাবাসে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং ছাত্রাবাসের বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে হলের দরজা, জানালার কাচসহ আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, সংঘর্ষের একপর্যায়ে ছাত্রদলের একটি পক্ষ কড়াইল এলাকা থেকে বহিরাগতদের এনে হলে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে কলেজ প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শহীদ মামুন ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ফারুকুল ইসলাম জানান, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বনানী থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা