ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান তাকে হাঁস প্রতীক বরাদ্দ দেন।
রুমিন ফারহানা আগে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে বিএনপি নেতৃত্বাধীন জোটের আসনে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেয়ায় দলের সিদ্ধান্ত মেনে না চলায় তাকে বহিস্কার করা হয়।
প্রার্থী রুমিন ফারহানা জানান, হাঁস তার পছন্দের প্রতীক। বাড়িতেও হাঁস পালেন। পছন্দের প্রতীক পেয়ে তিনি খুশি এবং এখন নির্বাচনে ভোটারদের কাছে সমর্থন চাইবেন।
এছাড়া রুমিন ফারহানা কর্মী ও সমর্থকদেরকে ভোটের বিষয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহবান জানিয়েছেন। তিনি আশুগঞ্জে আয়োজিত মতবিনিময়সভায় বলেন, “কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা নিশ্চিত করতে হবে।”
উল্লেখ্য, রুমিন ফারহানার মেজিস্ট্রেটের সঙ্গে পূর্বের বাগবিতন্ডার জের ধরে তাকে দুটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার এসব নোটিশের জবাব দেওয়ার কথা ছিল।