প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইসি ব্যবস্থা না নিলে পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের নাম প্রকাশ করবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬

নির্বাচন কমিশন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পক্ষপাতমূলক আচরণে জড়িত কর্মকর্তাদের তালিকা প্রকাশ্যে আনতে বাধ্য হবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার–মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ এখনও নিরপেক্ষতার বাইরে গিয়ে আচরণ করছে।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা-১৫ আসনে জামায়াতের প্রার্থী ডা. শফিকুর রহমানের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের নাম জনসমক্ষে তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে গণভোটের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের আইনি ভিত্তি তৈরি হবে। মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

জামায়াতের নেতাকর্মীদের হয়রানির অভিযোগ তুলে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই—তারা যেন নিরপেক্ষ ভূমিকা পালন করেন। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে জন্য লেভেল প্লেয়িং ফিল্ড ও নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব।

নারীদের দিয়ে আগাম প্রচারণা চালানোর অভিযোগ নাকচ করে জামায়াতের এই নেতা বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। দলীয়ভাবে সবাইকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী সব সময় নির্বাচন কমিশনের বিধিনিষেধ পালনে সবচেয়ে বেশি সচেতন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি এবং বলেন, জনগণ ভোটের মাধ্যমেই এর জবাব দেবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা