আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশি ভোটারদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট প্রদান সম্পন্ন করে নিকটবর্তী পোস্ট অফিসে পাঠানোর আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের দেওয়া পোস্টাল ব্যালট যেন নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে পারে, সে লক্ষ্যেই নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সময়মতো ব্যালট না পৌঁছালে ভোট গণনায় অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে।
নির্বাচন কমিশন আরও জানায়, আগামী ২৫ জানুয়ারির পর ব্যালট পাঠালে ডাকযোগে পৌঁছাতে দেরি হওয়ার আশঙ্কা থাকে। এতে করে ভোট গণনার প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। এ কারণে প্রবাসী ভোটারদের সুবিধা ও ভোট গ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে রোববারের (২৫ জানুয়ারি) মধ্যেই ভোট প্রদান শেষ করে ব্যালট পেপার ডাকযোগে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
ইসি মনে করছে, নির্ধারিত সময়সীমা মেনে চললে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং নির্বাচন আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে। পাশাপাশি নির্ধারিত সময়ের বাইরে পাঠানো ব্যালট সময়মতো না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত না হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেছে কমিশন।