আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে ভোটের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে গণঅধিকার পরিষদের ৯১ জন প্রার্থী। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি) দলটির ১৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় এই চূড়ান্ত সংখ্যা নির্ধারিত হয়েছে।
মঙ্গলবার রাতে দলীয় এক সাংগঠনিক বার্তায় জানানো হয়, এবারের নির্বাচনে ১০২টি আসনে গণঅধিকার পরিষদের মোট ১০৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় কৌশলগত সিদ্ধান্তের কারণে শেষ মুহূর্তে ১৩ জন প্রার্থী সরে দাঁড়ান। ফলে এখন ট্রাক প্রতীক নিয়ে ৯১ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে থাকছেন।
যেসব প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন তাদের মধ্যে রয়েছেন—কক্সবাজার-১ আসনে প্রাইম কাদের, রংপুর-১ এ হানিফ খান সজীব, টাঙ্গাইল-২ এ শাকিল উজ্জামান, হবিগঞ্জ-৩ এ আশরাফুল বারী নোমান এবং সাতক্ষীরা-৪ আসনে এইচ এম গোলাম রেজা।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মো. জহিরুল ইসলাম, চট্টগ্রাম-১২ এ ডা. এমদাদ হাসান, পটুয়াখালী-৩ এ শহীদুল ইসলাম ফাহিম, বগুড়া-২ এ মো. সেলিম সরকার, জামালপুর-৩ এ মো. রুবেল মিয়া, টাঙ্গাইল-৬ এ ইঞ্জিনিয়ার মো. কবির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-৬ এ শফিকুল ইসলাম এবং চাঁদপুর-১ আসনে এনায়েত হাসিব নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে। প্রতীক পাওয়ার পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা দেশব্যাপী আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।