জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডির পর এবার বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। আসন সমঝোতা চূড়ান্ত হলেও নিজেদের জন্য প্রত্যাশিত ছাড় না পাওয়ায় দলটি এককভাবে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।
দলীয় সূত্র জানায়, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নির্বাচনী এলাকা বগুড়া-২ আসনে বিএনপি ধানের শীষ প্রতীকে শাহে আলমকে মনোনয়ন দেয়। শেষ পর্যন্ত ওই মনোনয়ন প্রত্যাহার না করায় দুই দলের মধ্যে দূরত্ব তৈরি হয়। বিষয়টি নিয়ে মান্না বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোনো সমাধান হয়নি।
এরপর সোমবার (১৯ জানুয়ারি) জরুরি সংবাদ সম্মেলন ডেকে নাগরিক ঐক্য ‘একলা চলো’ নীতিতে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত জানায়। এ সময় দলটির পক্ষ থেকে ১২টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ মোফাখখারুল ইসলাম রংপুর-৫, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন জামালপুর-৪ এবং নাজমুস সাকিব সিরাজগঞ্জ-১ আসনে নির্বাচন করবেন।
এ ছাড়া অর্থ সম্পাদক শাহনাজ রানু পাবনা-৬, কেন্দ্রীয় সদস্য স্বপন মজুমদার চট্টগ্রাম-৯, অধ্যাপক এনামুল হক চাঁদপুর-২, অবসরপ্রাপ্ত মেজর আব্দুল সালাম কুড়িগ্রাম-২, ডা. শামসুল আলম রাজশাহী-২ এবং মোহাম্মদ রেজাউল করিম লক্ষ্মীপুর-২ আসন থেকে প্রার্থী হয়েছেন। জয়পুরহাট-২ আসনে আরও একজন প্রার্থী দেওয়ার কথা জানানো হলেও তার মনোনয়ন প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি।
সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না বলেন, মতপ্রকাশের স্বাধীনতা বহু ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এবং এ অধিকার কোনোভাবেই খর্ব হতে দেওয়া যাবে না। তিনি আশা প্রকাশ করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমেই আগামী দিনের সংস্কার কার্যক্রম এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর লক্ষ্য কাছাকাছি হলেও মতপার্থক্য বাস্তবতা। স্বৈরাচারবিরোধী আন্দোলনের ঐক্য নির্বাচন পর্যন্ত থাকবে না—এ কথা নাগরিক ঐক্য শুরু থেকেই বলে আসছে। নির্বাচনে প্রতিটি দল নিজস্ব কর্মসূচি ও এজেন্ডা নিয়ে জনগণের কাছে যাবে।
নাগরিক ঐক্যের সভাপতি জানান, খুব শিগগিরই দলটির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে দলটি সহযোগিতা করবে, পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ও কল্যাণমূলক বিষয়গুলোকে আরও গুরুত্ব দিয়ে সামনে আনা হবে।
এর আগে আসন সমঝোতা না হওয়ায় জেএসডিও এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছিল। নাগরিক ঐক্যের এই সিদ্ধান্তে বিএনপি নেতৃত্বাধীন জোটের ভাঙনের চিত্র আরও স্পষ্ট হলো।